নারায়ণগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাকর্মকর্তাদের আবাসন প্রকল্পের জন্য জমি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষের পর সেখানকার অস্থায়ী সেনাক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয়রা।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কায়েতপাড়ায় র্যাব ও পুলিশের সঙ্গে জনতার দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
জনতার অবরোধের মুখে পড়ে প্রায় পাঁচ ঘণ্টা সেনাসদস্যরা আটকে থাকার পর বিকালে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। তার সরে যাওয়ার পর তানমুসুরি ক্যাম্পে এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয় বলে স্থানীয়রা জানায়।
বিক্ষোভ দমনে পুলিশ ও র্যাব গুলি ছুড়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। গুলিবিদ্ধ ১০ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে।
এলাকাবাসীর অভিযোগ, বাজার মূল্যের চেয়ে কম দামে তাদের জমি বিক্রি করতে চাপ দেওয়া হচ্ছিলো। তবে ওই এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনাপ্রধান কেএম সফিউল্লাহ সাংবাদিকদের বলেছেন, "ভুল বোঝাবুঝির কারণে এ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে।"
অন্যদিকে ওই এলাকার বর্তমান সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেছেন, বিএনপির উস্কানিতে সংঘাতের এ ঘটনা ঘটেছে।
ঘটনার পেছনে
স্থানীয়রা জানিয়েছে, গত তিন মাসে আগে আর্মি অফিসার্স হাউজিং সোসাইটির নামে রূপগঞ্জের কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের ২৪ মৌজায় জমি কেনা শুরু হয়। উপজেলার টান মুসুরী, পূর্বগ্রাম, ইছাপুরা ও রূপগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিসের পাশে সেনাবাহিনীর ক্যাম্প বসিয়ে জমি কেনার কাজ চলছিলো। তাতে ইউনিফর্ম পরা সেনাসদস্যরা ওই ক্যাম্পে অবস্থান করছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি সাংবাদিকদের বলেন, প্রকল্পের জন্য কম দামে জমি বিক্রি করতে কয়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী ও তারেক জমির মালিকদের চাপ দিয়ে আসছিলো। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে এলাকায় উত্তেজনা চলছিলো।
বিক্ষোভ-সড়ক অবরোধ-আগুন
প্রকল্পের জন্য জমি কেনার প্রতিবাদে শনিবার সকালে বিক্ষুব্ধ জনতা রূপগঞ্জ-ইছাপুরা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে স্থানীয়রা। সড়কের আট কিলোমিটার এলাকায় কাঠ, গাছের গুড়ি ফেলে রাখে তারা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও চলছিলো।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার সাংবাদিকদের বলেন, "সকাল থেকেই ৭/৮ হাজার লোক বিক্ষোভ শুরু করে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে।"
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টায় আলোচনার জন্য বিক্ষোভরত চারজনকে টান মুসুরী সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের একজনকে ক্যাম্পে নিয়ে গুলি চালানো হয়েছে- এমন গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ক্যাম্প ঘেরাও করে। তখন র্যাব ও পুলিশ চারটি সেনা ক্যাম্পের সামনে অবস্থান নেয়। অন্যদিকে জনতাও চারটি ক্যাম্প ঘেরাও করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।
পুলিশ এলাকাবাসীর ওপর ব্যাপক লাঠিচার্জ করে। জনতাও পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে থাকে। বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা জাহেদ আলীকে মারধর করে এবং তার বাড়িতে হামলা চালায়। পুড়িয়ে দেয় জাহেদ আলীর সহযোগী হেলালের মটর সাইকেল। আবার জাহেদ আলীর সহযোগীরা চারজনকে কুপিয়ে আহত করেছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে যান রূপগঞ্জের সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনাপ্রধান কেএম সফিউল্লাহ, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, র্যাব-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছে।
স্থানীয়দের অভিযোগ, আইন প্রয়োগকারী সংস্থা গুলিবর্ষণ করেছে। তবে পুলিশ সুপার বলেন, "পুলিশ কোনো গুলি চালায়নি। অন্য কোনো সংস্থা গুলিবর্ষণ করেছে কিনা, তা আমার জানা নেই।"
সকাল ১১টায় সংঘর্ষের পর থেকে স্থানীয়দের ঘেরাওয়ের মুখে ক্যাম্পে আটকা পড়েন ২০ থেকে ২৫ জন সেনাসদস্য। দুপুরের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে সাড়ে ৩টার দিকে সেখানে হেলিকপ্টার নামে। হেলিকপ্টারে করে সেনাসদস্যদের সরিয়ে নেওয়া হয় বলে সাংবাদিকদের জানান সাবেক সেনাপ্রধান সফিউল্লাহ।
সেনাসদস্যদের সরিয়ে নেওয়ার পর বিক্ষুব্ধ জনতা সেনাক্যাম্পে হামলা চালায়। তারা ক্যাম্প এবং ক্যাম্পে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আহত যারা
আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় মো. জামাল (২৮) ও মো. মাসুমকে (১৫), আবুল বাশার (৩০), আরিফ হোসেন (২৫), মকবুল দেওয়ান (৩৫), মো. আলম (৪০), মো. মানিক (৩৫), শতকত আলী (৪০), মো. মাসুম (২৬) ও ইউনুস খানকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
মাথায় আঘাতপ্রাপ্ত পুলিশের সহকারী উপপরিদর্শক আলী হোসেন (৩২) ও কনস্টেবল নাজিম আহমেদকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি ফোরকান জানান, সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
আওয়ামী লীগের প্রতিক্রিয়া
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর গাজী সংঘাতের এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "বিএনপি ও অন্যান্য হাউজিং প্রকল্পের লোকজন এলাকাবাসীকে উস্কে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এটা সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র।"
দস্তগীর এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।
একই দাবি করে রংপুরে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, "সেনাবাহিনী বোর্ড থেকে যেহেতু খালেদা জিয়ার বাড়ি ছাড়ার নোটিশ গেছে, সে কারণে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য খালেদা জিয়া পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।"
বিএনপি নেতা-কর্মীরা এলাকাবাসীকে উস্কে দিয়েছে বলে দাবি করেন তিনি।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান বলেন, "জামায়াত-বিএনপি চক্র ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫০ ঘ.
bdnews24