২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে বিচার করুন'

ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে আইন ও সংবিধান অনুযায়ী কাজ করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 01:00 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে আইন ও সংবিধান অনুযায়ী কাজ করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনের দ্বিতীয় দিনে সারাদেশের বিচারিক হাকিমদের প্রতি স্বল্প সময়ে ন্যায়বিচার নিশ্চিত করারও আহ্বান জানান। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠান দেশের প্রায় সাড়ে তিনশ' বিচারিক হাকিম এ সম্মেলনে অংশ নেন। এতে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কে এম শহীদ আহম্মেদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় কর্মকর্তাদের এ সম্মেলন শুরু হয়। ওইদিন সারা দেশের প্রায় দুইশ' সহকারি জজ এতে যোগ দেন। মো. আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতি মাঠ পর্যায়ের বিচারকদের কাজের সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে তা নিরসনে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মেলনের পর বেশ কয়েকজন বিচারিক হাকিম সাংবাদিকদের জানান, বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগীয় কনিষ্ঠ কর্মকর্তাদের নিয়ে এটি প্রথম সম্মেলন। এ ধরণের সম্মেলনে বিচার বিভাগীয় কর্মকর্তারা কাজে আরো অনুপ্রেরণা পাবে। মামলা জট নিরসন, বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানো ও আস্থা ফিরিয়ে আনতে এবং বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা নিরসনে এ সম্মেলন আয়োজন করা হয়। পর্যায়ক্রমে জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ও জেলা জজরা এ সম্মেলনে অংশ নেবেন। আগামী ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫, ৬ ও ১২ নভেম্বর সম্মেলন হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮৫২ঘ.