জামালপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর শহরে একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচার করা এক রোগী মারা যাওয়ায় রোগীর স্বজনেরা শুক্রবার রাতে ক্লিনিকটিতে ভাংচুর চালিয়েছে।
হাছনা বেগম (৪০) নামের এক রোগীর গলার টিউমার অপসারণ করার জন্য ওই ক্লিনিকে অস্ত্রোপচার করা হয়। তিনি জামালপুর সদরের শ্রীরামপুর এলাকার বাসিন্দা ও সোনালী ব্যাংক জামালপুর প্রধান শাখার অফিস সহকারী আব্দুর রশিদের স্ত্রী।
আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্রোপচারের জন্য ১১ হাজার টাকা চুক্তি করে হাসনা বেগমকে শুক্রবার সকালে হযরত শাহজামাল (রঃ) হাসপাতাল প্রাইভেট লিঃ নামের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত তার অস্ত্রোপচার চলে।
আব্দুর রশিদ অভিযোগ করেন, অস্ত্রোপচারের সময় রোগীর শ্বাসনালী কেটে ফেলা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ক্লিনিক কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত ৯টার দিকে হাসনা মারা যায়।
হযরত শাহজামাল হাসপাতাল প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল জানান, এ খবর পেয়ে রোগীর স্বজনেরা শুক্রবার রাত ১০টার দিকে এসে তার হাসপাতালে হামলা চালায় ও ভাংচুর করে। এসময় হাসপাতালের লোকজন পালিয়ে আত্মরক্ষা করে।
তিনি বলেন, "আমরা সঠিক অস্ত্রোপচার করেছি এবং উন্নত চিকিৎসার জন্য রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। সেখানে ভর্তির পর রোগী মারা যায়।"
তিনি জানান, হামলাকারীরা তার হাসপাতালের ব্যাপক ক্ষতি করেছে।
জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬১৩ ঘ.
bdnews24