নোয়াখালী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গিরি'র প্রভাবে নোয়াখালীর চরাঞ্চলে জলোচ্ছ্বাসের পূর্বাভাস থাকলেও হাতিয়ার দুর্গম এলাকায় বিষয়টি প্রচার করা হয়নি বলে স্থানীয়রা দাবি করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসন জরুরি সভা করে সব স্থানে মাইকিং করে ঘূর্ণিঝড়ের সতর্কতা সংকেত জানিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু উপজেলার নিঝুম দ্বীপ, বয়ারচর, নলেরচর, ক্যারিংচর, ঢালচর, দমারচর, নঙ্গলীয়ার চরসহ দুর্গম এলাকাগুলোতে মাইকিং করা হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে।
এসব চরে প্রায় তিন লাখ মানুষের বাস।
সম্প্রতি নিুচাপের প্রভাবে চরাঞ্চলে জলোচ্ছ্বাসে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়।
নবগঠিত নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রশাসনিক সদস্য শাহেদ উদ্দিন, বয়ারচরের বাসিন্দা জসিম উদ্দিন, ক্যারিংচরের আবুল কালাম, নঙ্গলীয়ার চরের জহির উদ্দিন, ভূমিহীন বাজারের ইব্রাহীম, ঢালচরের ইউসূফ আলী ও ভুট্টো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘূর্ণিঝড় 'গিরি'র ব্যাপারে তারা কিছুই জানেন না।
শুক্রবার সকাল থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা রেডক্রিসেন্ট কার্যালয় খোলা পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে কোনো মাইকিং কিংবা প্রচার চালানোর খবর মেলেনি।
তবে রেডক্রিসেন্টের নোয়াখালী ইউনিটের উপ-পরিচালক আজরুদ্দিন সাবদার মাইকিং না করার দাবি নাকচ করে দিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা গতকাল (বৃহস্পতিবার) থেকে মাইকিং শুরু করেছেন। আমার জানা মতে, সব স্থানে মাইকিং করা হয়েছে।"
তিনি জানান, রেডক্রিসেন্টের ১৫টি আশ্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা প্রস্তুতি নিয়ে রেখেছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংশ্লিষ্ট সবাইকে আমরা ঘূর্ণিঝড় গিরি বিষয়ে মাইকিং করে সতর্ক করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা আবহাওয়া দপ্তরের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।"
তিনি দাবি করেন, হাতিয়ার সদর এলাকা ওছখালীতে মাইকিং করা হয়েছে। কোথাও অনিয়ম হলে তা স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণে হয়েছে।
ইউএনও বলেন, এর মধ্যে সব স্থানেই মাইকিং হয়ে যাওয়ার কথা। দুর্গম এলাকায় হওয়ায় অনেকেই নাও শুনতে পারে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা কিংবা রাত নাগাদ মিয়ানমারের সিটুইয়ের কাছ দিয়ে কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।
এতে পূর্বাভাস দেওয়া হয়েছে, ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে কক্সবাজার এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬-৮ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
একই প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
২০০৮ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার আঘাতে নোয়াখালীর চরাঞ্চলে প্রায় ৩৫ জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.
bdnews24