বান্দরবান, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের পাঁচ দিন পর বান্দরবানের কিবুকছড়া এলাকার একটি জঙ্গল থেকে স্থানীয় এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুুরে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ ও সংগঠনের নেতারা জানিয়েছে।
রোববার রাত ১২টার দিকে অংথোয়াই প্র" মারমা নামের এই যুবলীগ নেতাকে বাড়ি থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
তার মাথায় গুলির ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
যুবলীগের জেলা সাংগঠনিক সম্পাদক ক্যালুমং সাংবাদিকদের জানান, অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় আটক শৈহ্লাচিং এর দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ২টার দিকে অংথোয়াই প্র" মারমার লাশ সদর উপজেলার কিবুকছড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।
সদর থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. জামাল জানান, সন্ত্রাসীরা তাকে অপহরণের পর প্রথমে মাথায় গুলি করে ও পরে কুপিয়ে হত্যা করেছে।
যুবলীগ ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। বিকালে যুবলীগ জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24