২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুট্টার বস্তায় দেশীয় পিস্তল

সিরাজগঞ্জে গো-খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় ভুট্টার বস্তা থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 10:08 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে গো-খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানায় ভুট্টার বস্তা থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। কামারখন্দ থানার পরিদর্শক সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসিআই ও গোদরেজ এগ্রো ব্রেড প্রাইভেট লিমিটেডের কারখানায় বৃহস্পতিবার রাতে বস্তা থেকে ভুট্টা ঢালার সময় মেশিনের জালে একটি দেশে তৈরি পিস্তল আটকা পড়ে। খবর দেওয়া হলে পুলিশ শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে যায় এবং কারখানার প্রশাসনিক কর্মকর্তা প্রবীর কুমারের উপস্থিতিতে পিস্তলটি উদ্ধার করে। সোহরাব হোসেন আরো জানান, ভারতের সোনা মসজিদ স্থল বন্দর থেকে গত ২ আগস্ট এলসির মাধ্যমে ভুট্টার বস্তাগুলো এ কারখানায় আনা হয়। কারখানার অভ্যন্তরে কোনো দায়িত্বশীল কর্মকর্তা না থাকায় রাতে পিস্তলটি উদ্ধার করা সম্ভব হয়নি। পিস্তল সরবরাহের সঙ্গে কারা জড়িত তা সনাক্ত করার জন্য তৎপরতা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬০২ ঘ.