২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ওয়াসার দুই প্রকল্প বাস্তবায়নের আশ্বাস

বন্দর নগরীর পানি সঙ্কট নিরসনে কর্ণফুলী পানি শোধনাগার এবং মোহরা পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার চট্টগ্রামের সঙ্গে 'বিমাতাসুলভ' আচরণ করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর পানি সঙ্কট নিরসনে কর্ণফুলী পানি শোধনাগার এবং মোহরা পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার চট্টগ্রামের সঙ্গে 'বিমাতাসুলভ' আচরণ করবে না। বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বর্তমান সরকার চট্টগ্রামবাসীর কাছে ওয়াদাবদ্ধ জানিয়ে মন্ত্রী বলেন, "জোট সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিলো। বর্তমান সরকার সে নীতিতে বিশ্বাসী নয়। আমরা চট্টগ্রামের উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছি।" কর্ণফুলী পানি শোধনাগার এবং মোহরা পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন বর্তমান সরকারের সময়েই হবে বলে জানান তিনি। চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান একেএম ফয়জুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। চট্টগ্রামের সংসদ সদস্য আফসারুল আমীন বলেন, "আগে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে পানির জন্য কলসির মিছিল ছিলো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা কমে এসেছে। চট্টগ্রামের উন্নয়নের দিকে সরকারের নজর আছে জানিয়ে নানক বলেন, সরকারের প্রতিমাসের উন্নয়ন কর্মকাণ্ডের মূল্যায়ন সভায় চট্টগ্রাম অগ্রাধিকার পাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/২১২০ ঘ.