ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হাইকোর্টের ৩১ টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এসব বেঞ্চ পুনর্গঠনের আদেশ দেন। আগামী রোববার থেকে এই আদেশ কার্যকর হবে। অবকাশ শেষে ওই দিন আদালত খুলবে।
বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চকে সব রিট মোশন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।
বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এবং বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর বেঞ্চকে দুদক সংক্রান্ত রিটসহ অর্থঋণ আইন থেকে উদ্ভূত রিট মোশন শুনানির এখতিয়ার দেওয়া হয়।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আব্দুল হাকিমের বেঞ্চ, বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা ও বিচারপতি মো. আব্দুল হাইয়ের বেঞ্চ, বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চকে ফৌজদারি মোশন, ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র ও তৎসংক্রান্ত জামিনের আবেদনপত্র শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে।
বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চকে জনস্বার্থমূলক আবেদনপত্র ও চাকরি সংক্রান্ত সব রিট মোশন শুনানির এখতিয়ার দেওয়া হয়।
বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের বেঞ্চ এবং বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ রাজউক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ সংক্রান্ত রিট মোশনের শুনানি করবেন।
বিচারপতি মো. ফজলুর রহমান ও বিচারপতি আব্দুর রবের বেঞ্চ এবং বিচারপতি ফারুক আহমেদ ও বিচারপতি মো. আব্দুস সামাদের বেঞ্চকে জামিনের আবেদনপত্র শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে।
বিচারপতি আব্দুল আউয়াল ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের বেঞ্চকে সেটেলমেন্ট আদালত, শ্রম আদালত ও আটকাদেশ সংক্রান্ত সকল রিট মোশন শুনানির এখতিয়ার দেওয়া হয়।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সৌমেন্দ্র সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভ্যাট, কাস্টমস ও কর সংক্রান্ত রিট মোশনের শুনানি করবেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চ এবং বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চকে জেল আপিল ও ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর একক বেঞ্চকে ফৌজদারি মঞ্জুরিকৃত আপিল, ফৌজদারি রিভিশন ও রেফারেন্স মোকদ্দমা শুনানির এখতিয়ার দেওয়া হয়।
বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ, বিচারপতি মো. আবু তারিক ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ, বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চকে ডেথ রেফারেন্স শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে।
বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. নুরুজ্জামানের বেঞ্চ, বিচারপতি শহীদুল ইসলাম ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চ এবং বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ দেওয়ানী মোশন শুনানি করবেন।
বিচারপতি মাশুক হোসেন, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ, বিচারপতি মো. আতাউর রহমান খান এবং বিচারপতি মামনুন রহমানের একক বেঞ্চকে দেওয়ানী মোশন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২১১৮ ঘ.
bdnews24