২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কওমী জুট মিল নভেম্বরে চালু হচ্ছে

সিরাজগঞ্জের কওমী জুট মিল নভেম্বরে চালু হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 02:43 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের কওমী জুট মিল নভেম্বরে চালু হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে কারখানাটি কাজের উপযোগী করার কাজ চলছে। বৃহস্পতিবার পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম, পাট সচিব আব্দুল মজিদ ও পরিচালক তরিকুল ইসলাম কারাখানা পরিদর্শন করেন। তারা ২৫ অক্টোবরের মধ্যে কারখানাটি কাজের উপযোগী করার জন্য কর্তৃপক্ষকে নিদের্শ দেন। সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেম্বরের প্রথম সপ্তাহের যে কোনো দিন মিলটি উদ্বোধন করবেন। কওমী জুট মিলের প্রকল্প কর্মকর্তা নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিলটি চালুর উপযোগী করতে তাঁত মেরামত, রং ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এছাড়াও মিলের যন্ত্রাংশ মেরামত, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পাটক্রয় সংক্রান্ত অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। মিলটি চালু হলে প্রায় ৫ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে তিনি জানান। প্রকল্প কর্মকর্তা জানান, প্রথম পর্যায়ে এক নম্বর ইউনিটে উৎপাদন শুরুর জন্য পাঁচশ তাঁত প্রস্তুত করা হচ্ছে। এই ইউনিটে প্রতিদিন ৪০ টন চট ও বস্তা উৎপাদন হবে। এজন্য প্রতিদিন প্রায় ৪৫ মেট্রিক টন করে কাঁচা পাট প্রয়োজন হবে। তিনি জানান, প্রাথমিকভাবে বাংলাদেশ পাটকল সংস্থা (বিজেএমসি) থেকে পাট ও অনান্য মাল কেনার জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ শহরের রায়পুর এলাকায় ১৯৬০ সালে ৭৫ দশমিক ২১ একর জমির উপর গড়ে ওঠে কওমী জুট মিল। ১৯৬৩ সালে মিলে পুরোদমে উৎপাদন শুরু হয়। ৮০'র দশকে মিলটি লোকসানের মুখে পড়ে। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩১ জুলাই পাটকলটি বন্ধ করে দেওয়া হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কওমী জুটমিল চালু হলে জেলার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। পাটচাষীরা পাবে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪২ ঘ.