২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সিরাজগঞ্জের ঘটনা নিছক দুর্ঘটনা'

ক্ষমতাসীন ও বিরোধী দল পরস্পরকে দায়ী করলেও সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে হতাহতের ঘটনাকে নিছক 'দুর্ঘটনা' বলেছে রেলওয়ের তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন ও বিরোধী দল পরস্পরকে দায়ী করলেও সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে হতাহতের ঘটনাকে নিছক 'দুর্ঘটনা' বলেছে রেলওয়ের তদন্ত কমিটি। অনুমতি ছাড়া রেললাইনের পাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর গণজমায়েতের আয়োজনই দুর্ঘটনার কারণ বলে বৃহস্পতিবার কমিটির জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে। সেইসঙ্গে তদন্ত কমিটি ১৮৯০ সালের রেলওয়ে আইন ভঙ্গের দায়ে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। ওই আইন অনুযায়ী, রেল লাইনের দুই পাশে ১০ ফুট করে ২০ ফুট জায়গায় সব ধরনের জন সমাবেশ নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তদন্ত প্রতিবেদন বলা হয়, রেলওয়ের তদন্তে দেখা গেছে এটা ছিল একটি 'দুর্ঘটনা'। এতে আরও বলা হয়, এটি কোনো 'পরিকল্পিত হত্যাকাণ্ড' নয়। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের (বেলা ২টা ১৪ মি.) ৩০ মিনিট দেরিতে বেলা ২টা ৪৬ মিনিটে স্টেশন ছেড়ে যায়। গত ১১ অক্টোবর সিরাজগঞ্জের সয়দাবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে নিহত হন অন্তত ছয়জন। এতে বিক্ষুব্ধরা ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে যে ওই ঘটনা ছিল 'পরিকল্পিত হত্যাকাণ্ড'। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরজন্য বিরোধীদলীয় নেতাকে দায়ী করে বলেন, আন্দোলনের ইস্যু তৈরির জন্য ওই ঘটনা সাজানো হয়। প্রতিবেদন আরও বলা হয়, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রেনে উঠে ট্রেনটি থামিয়ে ভাংচুর চালায়। এতে বাংলাদেশ রেলওয়ের ২৩ কোটি ৫ লাখ ২৬ হাজার ৮৬৮ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জের ঘটনা তদন্তে জেলা প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করে। সরকারি তদন্ত নিরপেক্ষ হবে না দাবি করে গত ১৭ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিএনপি ৭ সদস্যের একটি আলাদা গণতদন্ত কমিশন গঠন করে। এদিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরও ২০ কার্যদিবস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এইচএ/১৯৩৮ ঘ.