পঞ্চগড়, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় সদর উপজেলায় অবস্থিত ভারতীয় ছিটমহলে হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য পাঠিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে এই সাহায্য হস্তান্তর করা হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এসএম মাজহারুল ইসলাম ও পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর হাসিবুল হোসেন নবী ত্রাণসামগ্রী গ্রহণ করেন।
এসএম মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ত্রাণসামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে। সুবিধামত সময়ে বিতরণ করা হবে।"
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- প্লাস্টিকের তৈরি ১৪৯টি তাঁবু, ১৫০টি শাড়ি, ৭৫টি লুঙ্গি, ৭৫টি ধুতি ও বাচ্চাদের ১৫০টি পোশাক।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে হলদিবাড়ির ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) গোপাল চন্দ্র দাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসব ত্রাণ নিয়ে আসেন।
ত্রাণসামগ্রী পাওয়ার সত্যতা স্বীকার করে জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, "মানবিক কারণেই ক্ষতিগ্রস্ত ছিটমহলবাসীদের সহায়তায় ভারত সরকার এগিয়ে এসেছে।"
আগেরদিন দুপুরে কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট সারকি সাহা মৈত্র পঞ্চগড় জেলা প্রশাসক বনমালী ভৌমিককে ফোন করে সাহায্য পাঠানোর বিষয়টি জানান।
ওইদিন পঞ্চগড় জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের রান্নার সরঞ্জাম দিয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে অবস্থিত ভারতীয় গারাতি ছিটমহলে শুক্রবার রমজান মেকার নামে এক বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছিটমহলের আশপাশের বাংলাদেশি নাগরিকরা শনিবার ছিটমহলের প্রায় দুশ' বাড়িঘরে অগ্নিসংযোগ করে।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম জানান, এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াই হাজার লোকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এ পর্যন্ত নয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে পঞ্চগড় কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24