২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হত্যা মামলায় মৃত্যুদণ্ড

হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 12:57 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

বাগেরহাট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর চার আসামিকে খালাস দিয়েছে। বৃহষ্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম এই রায় দেন। দণ্ডিত আসামি হলেন- শরণখোলা উপজেলার দক্ষিণ বাধাল গ্রামের মো. মাসুম (২৭)। বর্তমানে তিনি পলাতক আছেন। খালাস পাওয়ারা হলেন- একই উপজেলার নলবুনিয়া গ্রামের জাকির হাওলাদার, গফফার হাওলাদার, বাচ্চু ও মনির। মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ৬ জুন রাতে নলবুনিয়া বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী জাহিদুল ইসলাম (২২) একই এলাকায় বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরদিন সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মধ্য নলবুনিয়া গ্রামের একটি মাঠ থেকে পুলিশ জাহিদুলের জবাই করা মৃতদেহ উদ্ধার করে। ওইদিনই জাহিদুলের বাবা সিদ্দিকুর রহমান বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। জাহিদুলের খোয়া যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে শরণখোলা থানা পুলিশ ১২ জুন ঢাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করে। মাসুম পরে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এই জবানবন্দিতে তিনি বাকি আসামিদের নাম উল্লেখ করেন। শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন শাহ্ ২০০৫ সালের ২৫ অগাস্ট পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গাজী আবু হাসান। আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট আলী আকবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৯ ঘ.