ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক শ্রম সংস্থাকে (আইএলও) বাংলাদেশি গার্মেন্ট মালিক ও শ্রমিকদের প্রশিক্ষণ দিতে বলেছেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বাংলাদেশে আইএলও'র নতুন পরিচালক আন্দ্রে বোগুইবৃহস্পতিবার সচিবালয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তাকে এ প্রশিক্ষণের দেওয়ার কথা বলেন মন্ত্রী।
বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের জানান, গার্মেন্ট খাতে মালিক ও শ্রমিকদের সুসম্পর্ক নেই। এ কারণে এ শিল্প প্রায়ই অস্থির হয়ে ওঠে।
তিনি বলেন, "এ অবস্থা থেকে বেরিয়ে আসতে মালিক-শ্রমিক সুসম্পর্ক গড়তে এবং তাদের আইন সম্পর্কে সচেতন করতে আইএলও'র বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।"
এর আগে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাই ইয়ং চো শ্রমমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন।
দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ২৩ অক্টোবর রাতে তিনি কোরিয়া যাচ্ছেন। ওই সফরে কী কী বিষয়ে আলোচনা হবে তা নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।
কোরিয়া সফরে দেশটির সরকার, নিয়োগ কর্তা এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান খন্দকার মোশাররফ।
তিনি বলেন, "দক্ষিণ কোরিয়া সফরে সেখানে বাংলাদেশি কর্মী পাঠানোর জটিলতা দূর করা এবং বাংলাদেশের জন্য বরাদ্দ কোটা পূরণের বিষয় নিয়ে আলোচনা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮২১ঘ.
bdnews24