পঞ্চগড়, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ে সদর উপজেলায় অবস্থিত ভারতীয় ছিটমহলে হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য পাঠাচ্ছে ভারত সরকার।
বৃহস্পতিবার তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে এই সাহায্য বিডিআর'র কাছে হস্তান্তর করা হবে বলে জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানিয়েছেন।
এই সাহায্যে মধ্যে তাঁবু জাতীয় সামগ্রী থাকতে পারে বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন।
জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, বুধবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট ফোন করে সাহায্য পাঠানোর বিষয়টি জানান। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভুতিও জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট ফোন করে ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার জন্য বাংলাদেশি নাগরিকদের ধন্যবাদ জানান।
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মাসুদুল ইসলাম জানান, রংপুর সেক্টর কমান্ডার বুধবার দুপুরে ফোন করে বিষয়টি তাকে জানিয়েছেন। তবে কী পরিমান সামগ্রী আসবে সেটা তারা জানেন না।
তিনি আরো জানান, বিএসএফ কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে এসব সামগ্রী হস্তান্তর করতে পারে। বিডিআরের পক্ষে মেজর হাসিবুল নবী সেখানে উপস্থিত থাকতে পারেন।
বিডিআর কর্মকর্তা মাসুদুল আরো জানান, খোলা আকাশের নিচে থাকা ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগিরকদের জন্য সম্ভবত তাঁবু জাতীয় সামগ্রী পাঠানো হবে। যাতে লোকজন অস্থায়ীভাবে কিছুদিন থাকতে পারে।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে অবস্থিত ভারতীয় গারাতি ছিটমহলে শুক্রবার রমজান মেকার নামে এক বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছিটমহলের আশপাশের বাংলাদেশি নাগরিকরা শনিবার ছিটমহলের প্রায় দুশ' বাড়িঘরে অগ্নিসংযোগ করে।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম জানান, এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াই হাজার লোকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এ পর্যন্ত নয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে পঞ্চগড় কারাগারে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24