ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা ফেরৎ দেওয়ার কথা বলে রাজধানীর দক্ষিণ খানে এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
নিহত জাকির হোসেনের (৩২) মামাতো ভাই বিল্লাল হোসেন বুধবার বলেন, জাকিরকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে মোল্লাটেক কশাইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সাতজনকে আসামি করে দক্ষিন খান থানায় একটি মামলা করা হয়েছে।
দক্ষিণ খান থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাকা-পয়সা লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ড হয়েছে।
বিল্লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, "এলাকার জসিম নামে এক ব্যক্তির কাছে ৪০ হাজার টাকা পেত জাকির। মঙ্গলবার গভীর রাতে জসিম টাকা ফেরৎ দেওয়ার কথা বলে জাকিরকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
"টাকা ফেরৎ দেওয়ার ব্যাপারে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ক্রু ড্রাইভার দিয়ে জাকিরকে আঘাত করে জমিস।"
আহত জাকিরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে বুধবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮১৫ঘ.
bdnews24