ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে এক স্কুলছাত্রী ধর্ষিত হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই শিশুর বাড়ির ভাড়াটেকে। অন্যদিকে বাগেরহাটে ধর্ষিত হয়েছে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ভাগলপুর মহল্লায় ধর্ষিত হয় প্রথম শ্রেণীর ওই শিক্ষার্থী।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক আনসার সদস্যের সাত বছর বয়সী ওই শিশুকে বাড়ির ভাড়াটে রাজমিস্ত্রি আব্দুল জলিল (৩২) একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে বলে স্থানীয়রা জানিয়েছে।
জলিলকে মারধরের পর পুলিশে তুলে দেয় জনতা। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ হাইচর গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, মোল্লাহাটের গাংনী ইউনিয়নের মাতারচর গ্রামে মায়ের সামনে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিশুটির মা বাদি হয়ে মঙ্গলবার রাতে মোল্লাহাট থানায় তিন যুবককে আসামি করে মামলা করেছেন। তবে কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
মামলার তিন আসামি হলেন- মাতারচর গ্রামের আসাদ শেখ (২০), জাহাঙ্গীর হোসেন (১৮) এবং সোবহান শেখ (১৮)।
শিশুর মা সাংবাদিকদের বলেন, গত ১৮ অক্টোবর রাতে প্রতিবেশী তিন যুবক দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে যুবকদের মধ্যে আসাদ তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে।
মোল্লাহাট থানার ওসি মাসুদ আলম বলেন, তিন আসামিকে ধরতে পুলিশ চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৪ ঘ.
bdnews24