ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মোহাম্মদ শওকত (৬০) এক সময় কসাইয়ের কাজ করলেও এখন অবসরে ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানায়।
চিরকুমার শওকত থাকতেন ৪ নম্বর ওয়াপদা বিল্ডিং ক্যাম্পে (সেকশন-১১, ব্লক-বি, রোড-১২)। সেখানেই বুধবার ভোররাতে তার ওপর হামলা হয় বলে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
নিহতের ভাই কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে চিৎকার শুনে শওকতের ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
শওকতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
ক্যাম্প এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন কাওসার।
তিনি বলেন, "মাদক বিক্রেতা শহীদ, কাল্লু, লিটন ও জাবেদ এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।"
পল্লবী থানার এসআই মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে শওকতকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট নয়, এ বিষয়ে অনুসন্ধান চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/এসএইচএ/এমআই/১৩২৫ ঘ.
bdnews24