২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াস'

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 07:47 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক। তিনি বলেছেন, "জলবায়ু পরিবর্তনের জন্য শিল্পোন্নত দেশগুলো সবচেয়ে বেশি দায়ী। কারণ তাদের জনপ্রতি কার্বন নিঃসরণের হার ১৫ মেট্রিক টন আর আমাদের দশমিক তিন টন। অথচ আমরাই এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার অনুষ্ঠিত এক সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এ সভার আয়োজন করেছে। আগামী ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মেক্সিকোয় অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন পূর্ব প্রস্তুতির জন্য এ সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ সভা চলবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "মালদ্বীপের বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়া হুমকিতে রয়েছে। সমুদ্র-পৃষ্ঠ জেগে ওঠায় বাংলাদেশেরও বেশিরভাগ এলাকা এ ঝুঁকির মধ্যে রয়েছে। জলবায়ু পরিবর্তনের এ প্রভাব মোকাবেলায় বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে।" জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের মতো উপকূলবর্তী দেশগুলোতে ঝড়-জলোচ্ছ্বাস বাড়ছে বলে বিশেষজ্ঞরা বলছেন। দুর্যোগ মোকাবেলার বিষয়ে রুহুল হক বলেন, "আমরা আইলা দুর্গত এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তারা সরতে চায় না। তারা প্রকৃতির সঙ্গে লড়াই করতে অভ্যস্ত হয়ে উঠেছে।" প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী শিল্পোন্নত দেশগুলোর উদ্দেশ্যে বলেন, "আপনাদের ভাবতে হবে, আপনারা আপনাদের দেশের মানুষের জন্য ভাববেন কিনা? দেশের বাইরের আগে আপনারা নিজ দেশের মানুষের জন্য ভাবুন। তবেই বাইরের মানুষের জন্যও কাজ করা হবে।" পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালে বিশ্বে সামরিক খাতেই প্রায় এক দশমিক ৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। যা গত বছর থেকে সাত শতাংশ বেশি। আমরা পরস্পরকে হত্যার জন্য বেশি অর্থ ব্যয় করছি, অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যয় বাড়াচ্ছি না। সভায় স্বাস্থ্য সচিব হুমায়ুন কবির ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কর্মকর্তা সামলি প্লিয়ানব্যাংচ্যাং বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৪৫ ঘ.