রাঙামাটি, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সদস্য সুগন্ধী তনচংগ্যা (৪২)।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে আড়াইছড়ি গ্রামে নিজ বাড়ির কাছেই তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রাজস্থলী থানার ওসি রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চার থেকে পাঁচ জন সন্ত্রাসী সুগন্ধী তনচংগ্যাকে বাড়ি থেকে কিছু দূরে ডেকে নিয়ে বুকে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুগন্ধীর মৃত্যু হয়।"
কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, পুলিশ তা জানাতে পারেনি।
পুলিশ ঘটনাস্থলে গেছে জানিয়ে ওসি বলেন, "এলাকাটি দুর্গম। তিন থেকে চার ঘণ্টা পায়ে হেঁটে সেখানে যেতে হয়। তাই লাশ আনতে এবং ঘটনার বিস্তারিত জানতে সময় লাগবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৫ ঘ.
bdnews24