২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালেপুর দুর্ঘটনার কারণ বেপরোয়া গতি

যান্ত্রিক কিংবা কারিগরি ত্রুটি নয়; সালেপুরে বাস দুর্ঘটনার কারণ ছিলো বেপরোয়া গতিতে অন্য গাড়িকে অতিক্রমের চেষ্টা। অনুসন্ধানের পর এ দাবি করেছে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 05:06 AM

Updated : 25 Aug 2022, 07:25 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক কিংবা কারিগরি ত্রুটি নয়; সালেপুরে বাস দুর্ঘটনার কারণ ছিলো দ্রুতগতিতে অন্য গাড়িকে অতিক্রমের চেষ্টা। অনুসন্ধানের পর এ দাবি করেছে দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট (এআরআই)। এআরআই'র পরিচালক অধ্যাপক শামসুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেপরোয়াভাবে বাঁ দিক দিয়ে ওভারস্পিডে বাসটি অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটায়।" গত ১০ অক্টোবর ঢাকা থেকে সাভার যাওয়ার পথে আমিনবাজারের সালেপুর সেতুর ঠিক আগে বৈশাখী পরিবহনের বাসটি তুরাগ নদীতে পড়ে যায়। দুর্ঘটনার ২৫ ঘণ্টা পর পানির নিচে বাসটি খুঁজে পাওয়া যায়। ৫০ ঘণ্টারও বেশি সময় পর তা উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় মোট ১২ জন নিহত হয়েছেন। তবে বাসে আরো যাত্রী ছিলো বলে প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রীদের দাবি। তবে বাসচালক বেঁচে আছেন, না নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি ডুবে যাওয়ার পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে এআরআই বিশেষজ্ঞ দল ধারণা দিয়েছিলেন, গাড়ির চাকা ফেটে (টায়ার বার্স্ট) যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সেই সঙ্গে সেতুর ব্যারিয়ার না থাকাকে অন্যতম মূল কারণ মনে করেছিলেন তারা। দুর্ঘটনার দিন যোগাযোগমন্ত্রী সেয়দ আবুল হোসেন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছিলেন, বাসটি হয়তো পুরনো এবং রাস্তায় চলাচলের অনুপযোগী। তবে বাসটি তীরে তুলে আনার পর সপ্তাহ ধরে সরেজমিন পর্যবেক্ষণ-নিরীক্ষা করে, বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য নিয়ে এখন এআরআই চালকের বেপরোয়া গতিকেই দায়ী করছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী আগারগাঁও বাজারের বায়তুন নূর মসজিদের ইমাম জসিম এআরআইকে বলেছেন, বৈশাখীর চালক অন্যবাসের সঙ্গে পাল্লা দিচ্ছিলো। এর এক পর্যায়ে এটি নদীতে গিয়ে পড়ে। প্রবল স্রোতে পড়ে অন্তত চার-পাঁচটি ডিগবাজি দেয় বাসটি। বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলো বলে জসিম দাবি করছেন। সড়কে দুর্ঘটনা রোধে জনসচেনতনা তৈরিতে কাজ করে যাওয়া সংগঠন 'নিরাপদ সড়ক চাই' দেশ দুর্ঘটনার জন্য যে সব কারণ চিহ্নিত করেছে, তার অন্যতম হচ্ছে বেপরোয়া গতিতে গাড়িচালনা। এআরআই সড়কে দুর্ঘটনা প্রতিরোধে একটি সুপারিশও সরকারকে দিচ্ছে। শামসুল হক বলেন, "আমাদের অনুসন্ধান শেষ হয়েছে। এখন প্রতিবেদন তৈরির কাজ চলছে। আগামী সপ্তাহে এ দুর্ঘটনার পূর্ণাঙ্গ অনুসন্ধান (ইনভেস্টিগেশন) প্রতিবেদন যোগাযোগমন্ত্রীর কাছে দিতে পারবো।" তদন্ত চালাতে গিয়ে সালেপুর সেতুরও দুটি ত্রুটি খুঁজে পেয়েছেন এআরআই'র গবেষকরা। এগুলো হচ্ছে- সেতুতে হাঁটার কোনো পথ (ওয়াকওয়ে) না থাকা এবং দু'প্রান্তে ২০/৩০ ফুট করে সেফটি ব্যারিয়ার না থাকা। অধ্যাপক হক বলেন, "ব্রিজ নির্মাণের সময় দায়িত্বশীল হলে অনেক মানুষের জীবন বাঁচানো যায়।" শুধু সালেপুর নয়, দেশের গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের সেতুগুলো সনাক্ত করে দ্রুত তার ত্র"টি সারানোর সুপারিশ করছেন তিনি। মহাসড়কের বাঁকগুলোতে থাকা বিলবোর্ড অপসারণের পরামর্শও দিয়েছে এআরআই। "মহাসড়কের বাঁকে ভেতরের দিকে কোনো বড় বিলবোর্ড রাখা যাবে না। এতে চালত বিপরীত দিকের গাড়ি দেখতেই পারে না, এমনকি সামনে সরু ব্রিজের বিষয়টি নিশ্চিত হতে দেরি হয়", বলেন শামসুল হক। দুর্ঘটনা তদন্তের জন্য সরকার আনুষ্ঠানিকভাবে কোনো কমিটি গঠন না করলেও এআরআই তা নিয়ে অনুসন্ধান করে এবং দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সরকারের কাছে সুপারিশ করে থাকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক হক বলেন, দেশে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় গবেষণার জন্যই প্রতিষ্ঠানটি সরকার করেছে। সরকারের কাছে এ ধরনের দুর্ঘটনার বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার এক প্রকার বাধ্যবাধকতা রয়েছে তাদের। বিশ্বে মটরযান ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান অনেক নিচে হলেও এখানে দুর্ঘটনার হার অনেক বেশি। প্রতিবছর ৩ থেকে ৪ হাজার অর্থাৎ প্রতিদিন গড়ে ১০ জন করে প্রাণ হারায় সড়ক দুর্ঘটনায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১০০ ঘ.