২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের ঘটনায় ৩ র‌্যাব সদস্যের সাক্ষ্য

সিরাজগঞ্জের ঘটনায় জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন র‌্যাবের তিন সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের ঘটনায় জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন র‌্যাবের তিন সদস্য। সোমবার বিকাল ৫-৬টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির কাছে লিখিত সাক্ষ্য দেন তারা। গত সোমবার সিরাজগঞ্জের সয়দাবাদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সভাস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত ছয়জন প্রাণ হারায়। ঘটনার পর লোকজন ট্রেনে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় লুটপাটের ঘটনাও ঘটে। ঘটনাটি তদন্তে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন দুটি কমিটি করেছে। চার সদস্যের জেলা প্রশাসনের কমিটি বৃহস্পতিবার গণবিজ্ঞপ্তি দিয়ে সাক্ষ্য গ্রহণের জন্য প্রত্যক্ষদর্শীদের আহ্বান জানায়। পরের দিন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ট্রেনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে এ পর্যন্ত আটটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫৯ জনকে। জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্য জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট সাংবাদিকদের জানান, বিকালে র‌্যাব-১২ এর তিন সদস্য লিখিতভাবে সাক্ষ্য দিয়েছেন। তারা ঘটনার দিন সভাস্থলে দায়িত্ব পালন করেছিলেন। র‌্যাবের এই তিন সদস্য হলেন- র‌্যাব-১২ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বকর সিদ্দিক, সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) আজমল হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান। সাক্ষ্য গ্রহণের সময় কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারী ও সদস্য সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি বিমল কুমার চাকী উপস্থিত ছিলেন। এর আগে বিমল কুমার সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কেউ সাক্ষ্য দেয়নি। তিনি আরো জানান, আজ (সোমবার) আবার স্থানীয় পত্রিকাগুলোতে গণবিজ্ঞপ্তি দিয়ে আগামীকাল প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। অপরদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক (এসআই) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, রোববার গভীর রাত থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান পরিচালিত হলেও নতুন করে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে আদালত পুলিশ জানায়, ট্রেনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় করা তিন মামলায় গ্রেপ্তার ২২ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে শাহজাদপুর উপজেলার গারোদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বারসহ ২২ জনকে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষ হাকিম হাসান মাহমুদুল ইসলাম আবেদন নাকচ করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.