বগুড়া, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার গাবতলী উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি খুন হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সোমবার সকালে উপজেলার কাগইল ইউনিয়নের দড়িপাড়া গ্রামে জমি নিয়ে এই খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম- এবারত আলী (৩২)।
এ ঘটনায় আহত পাঁচজনকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য গাবতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
গাবতলী থানার পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, নিহত এবারত আলীর সঙ্গে গ্রামের আব্দুর রশিদের জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো।
সোমবার সকাল ৯টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে প্রতিপক্ষের ফলার (ধারালো দেশি অস্ত্র) আঘাতে এবারত আলী ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী আব্দুর রশিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারা আমজাদ হোসেন (৩০), আজিজার রহমান (৪০), জাকিরুল (২৮), শাহীনুর (২৮) ও কাবাশী বেগমকে (৫০) বেধড়ক মারধর করে একটি ঘরে আটকে রাখে।
পরে খুনের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পুলিশ পরিদর্শক জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনাস্থরে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24