সুনামগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিমা বিসর্জনের সময় সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকা ডুবে একজন নিখোঁজ হয়েছেন।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে সুরমা নদীতে প্রতিমাবহনকারী নৌকাকে একটি কার্গো ধাক্কা দিলে রবীন্দ্র দাস (৩৫) নামে একজন নিখোঁজ হয়।
তার বাবার নাম দেবেন্দ্র দাস।
এ ঘটনায় বসু শুক্লবৈদ্য (২০) নামের আরেক যুবক অহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরতলীর ইব্রাহীমপুর গ্রামের পূজামন্ডপের প্রতিমা বিসর্জন দিতে স্থানীয়রা সুরমা নদীতে যান। রাত সাড়ে ৮টার দিকে একটি কার্গো পেছন থেকে নৌকাটিকে ধাক্কা দেয়।
কার্গোর ধাক্কায় নৌকাটি ডুবতে শুরু করলে নৌকায় থাকা লোকজন পানিতে ঝাপ দেয়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও রবীন্দ্র নিখোঁজ হন।
এস আই ফিরোজ আহমদ সোমবার জানান, দুপুর ১টা পর্যন্ত রবীন্দ্রকে খুঁজে পাওয়া যায়নি।
এলাকাবাসী কার্গোটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩০৮ ঘ.
bdnews24