ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় রাজধানীর কদমতলীতে রোববার এক তরুণী গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে বলে তার স্বজনরা দাবি করেছে।
রত্মা আক্তার (২০) নামে ওই তরুণীকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রত্মার খালা হাসিনা বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, প্রায় দুইমাস আগে বিপুল নামে একটি ছেলের সঙ্গে রত্মা কদমতলীতে বাসা ভাড়া নেয়। স্বামী-স্ত্রী পরিচয়ে তারা সেখানে বসবাস করছিলো। এদিন দুপুরে রত্মা বিয়ের জন্য চাপ দিলে বিপুল রাজি হয়নি। এরপরপরই রত্মা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
যাত্রাবাড়ীর একটি তৈরী পোশাক কারখানার কর্মী রত্মা।
রত্মার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা থেকে রোববারই তার খালা হাসিনা বেগম তার বাসায় বেড়াতে আসেন।
তিনি জানান, হাসপাতালে রত্মার সঙ্গে বিপুল এলেও পরে সে পালিয়ে যায়।
কদমতলী থানার ওসি আয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে কোনো মামলা হয়নি। ঘটনা শোনার পর তদন্তের জন্য পুলিশের একটি দল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এমআই/২২১০ ঘ.
bdnews24