চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রোববার প্রতিমা বিসর্জন দেওয়া নিয়ে সংঘর্ষে কমপক্ষে দুজন আহত হয়েছে।
এরা হলেন- শ্যামল ঘোষ (২১) ও জলধর ঘোষ (৪৫)। দুজনই নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
নাচোল থানার ওসি গোলাম মাওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের জাহেদপুর গ্রামের বাসিন্দারা স্থানীয় একটি পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে যায়।
এ সময় পুকুরের মালিক জলধর ঘোষ বাধা দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
রাত ৮টায় ঘটনাস্থল থেকে ওসি বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও পুকুরের মালিক পক্ষের বাধার মুখে এখন পর্যন্ত পূজা উদযাপন কমিটির লোকজন প্রতিমা বিসর্জন দিতে পারেনি।
জাহেদপুর দুর্গা পূজা কমিটির সভাপতি রাজেশ্বর ঘোষ বলেন, নেজামপুর ইউনিয়নে এবারই প্রথম দুর্গা পূজা হচ্ছে। কিন্তু প্রতিমা বিসর্জন দিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24