সিরাজগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের করা কমিটিতে রোববার সাক্ষ্য দিয়েছে কয়েকজন প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্য।
কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট দেলোয়ার হোসেন সাঈদীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া প্রতিনিধি জানান, ট্রেনে কাটা পড়ে নিহত, ট্রেনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জেলা প্রশাসন গঠিত কমিটি ৫-৬ জন পুলিশ সদস্যের সাক্ষ্য নিয়েছে।
তবে সাক্ষ্য দেওয়া পুলিশ সদস্যদের নাম জানাননি পুলিশ কর্মকর্তা দেলোয়ার।
সিরাজগঞ্জের সয়দাবাদে গত সোমবার খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত ছয়জন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়।
ওই ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ে দুটি তদন্ত কমিটি গঠন করে।
জেলা প্রশাসনের তদন্ত কমিটি ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি দেয়। পরের দিন থেকে কমিটি সাক্ষ্য নেওয়া শুরু করে।
রোববারের সাক্ষ্য গ্রহণের ব্যাপারে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীর সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি।
অপর দুই সদস্য রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) শহিদুল ইসলাম ও সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি বিমল কুমার চাকী জানান, তারা কেউ আজ (রোববার) সাক্ষ্যগ্রহণ কার্যক্রমে উপস্থিত ছিলেন না।
বিমল কুমার জানান, রেলওয়ে পুলিশের সৈয়দপুর অঞ্চলের সুপারিনটেনডেন্ট মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন।
সিরাজগঞ্জের ঘটনায় এ পর্যন্ত আটটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির কেন্দ্রীয় সাত নেতাসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া অজ্ঞাত আরো কয়েক হাজার জনকে এসব মামলায় আসামি করা হয়েছে। রোববার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৫৯ জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24