চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
এরা হলেন-মো বাবুল (৩০)। ও খোকন (৩৫)। বাবুলের বাড়ি কুমিল্লা থানার ধলাস গ্রামে। বাবার নাম নায়েব আলী। খোকনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শনিবার ভোরে নগরীর কোতোয়ালি থানার তিনপোল এলাকার সফিনা মাকের্টের নিচতলায় দুইজনকে পিটিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সফিনা মার্কেটে শহীদুল ইসলামের মালিকানাধীন নূরজাহান টয়স নামক দোকানের সাটার ভেঙে চুরির অভিযোগে দোকান কর্মচারী ও স্থানীয়রা দু'জনকে বেদম মারধর করে।
এতে ঘটনাস্থলেই খোকন মারা যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বাবুল মারা যান।
কোতোয়ালি থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চুরি করার সময় হাতেনাতে ধরা পড়লে স্থানীয় জনতার পিটুনীতে এই দুই ব্যক্তি মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবুল নগরীর বাকলিয়া থানার মিয়াঁখান নগরের বাদশার বাপের কলোনী নামক এলাকায় থাকতো।
বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24