ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক্ষুধার বিরুদ্ধে ঐক্য' গড়ার আহবানের মধ্য দিয়ে শনিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব খাদ্য দিবস পালন করা হচ্ছে।
গত কয়েক বছরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে চলায় বিশ্বনেতারা খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মনোযোগ দিচ্ছেন।
এ অবস্থায় যথাযথভাবে দিবসটি পালনে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা রয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি আমাদের খাদ্য নিরাপত্তা জোরদার করতে সম্মিলিত প্রচেষ্টা আরো জোরদার করতে হবে।"
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, "বিদ্যমান বিশ্ব ব্যবস্থায় ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামে খাদ্য উৎপাদন ও বিতরণের জন্য একক প্রচেষ্টার চেয়ে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।
"এ প্রেক্ষিতে বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত উদ্ভাবন, জলাবদ্ধতায় কৃষি কার্যক্রম এবং সার সাশ্রয়ী চাষাবাদ পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।
"এভাবে আমরা নিরাপদ খাদ্যের মাধ্যমে খাদ্য নিরাপত্তার বলয় সৃষ্টিতে সফল হবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৩৫৯ ঘ.
bdnews24