২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিডিআরের বিষয় মানবাধিকার কমিশনের এখতিয়ার বহির্ভূত'

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, বিদ্রোহের ঘটনায় আটক সন্দেহভাজন বিডিআর সদস্যদের মৃত্যুর বিষয়টি কমিশনের এখতিয়ার বহির্ভূত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, বিদ্রোহের ঘটনায় আটক সন্দেহভাজন বিডিআর সদস্যদের মৃত্যুর বিষয়টি কমিশনের এখতিয়ার বহির্ভূত। হেফাজতে 'নির্যাতনে' বিডিআর সদস্যের মৃত্যুর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "শৃঙ্খলা বাহিনীর বিষয়গুলো ঠিক মানবাধিকার কমিশনের আওতাভূক্ত নয়। এছাড়া সে অভিযোগগুলো এখন অতীত হয়ে গেছে। অভিযুক্তরা এখন জেলখানায় রয়েছে।" বৃহস্পতিবার বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের সঙ্গে এক বৈঠক শেষে মিজানুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। বিদ্রোহের বিচার চলাকালে হেফাজতে থাকা অবস্থায় 'নির্যাতনে' বেশ কিছু বিডিআর সদস্যের মৃত্যুর অভিযোগ রয়েছে। অবশ্য বিডিআর কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, অসুস্থ হয়ে কমপক্ষে ৭০ জন বিডিআর সদস্যের মৃত্যু হয়। বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের কথিত অভিযোগ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, "এখানে যে বিচার হচ্ছে তা ফৌজদারি আইনে নয়, বিশেষ আইনে। সুতরাং ফৌজদারি আদালতের সঙ্গে একে তুলনা করা যাবে না। বিডিআরের বিশেষ আইনে তাদের বিচার হচ্ছে। সেই আইনটি আমাদের মেনে নিতেই হবে। "বিডিআর মহাপরিচালক আমাদের আশ্বস্ত করেছেন যে, বিডিআরের পুরো বিচার প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। সাংবাদিকরা সেখানে থাকতে পারছেন, প্রশ্ন করতে পারছেন।" অভিযুক্ত বিডিআর সদস্যদের বিভিন্ন অভিযোগের ব্যাপারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, এসব সদস্য এখন আর বিডিআর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেই। তারা কারাগারে আছেন। সেখানে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তা দেওয়া হচ্ছে না বলে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। খুব শিগগিরই কমিশন কয়েকটি কারাগার পরিদর্শনে যাবে। বিডিআর মহাপরিচালকের সঙ্গে ওই বৈঠকে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। এ সময় কমিশনের সদস্য অরোমা দত্ত উপস্থিত ছিলেন। কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ভারত সরকারকে চাপ দিতে সেদেশের মানবাধিকার কমিশনকে অনুরোধ জানানো হবে। মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, "সীমান্তে বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় বিডিআর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না তা জানতে আজ আমরা পিলখানায় এসেছিলাম। বিডিআর মহাপরিচালক আমাদের জানিয়েছেন যে, এ বিষয়ে শুধু পতাকা বৈঠক নয়, সরকারের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে ভারতীয় কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে।" আগামী মাসে ভারতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বাংলাদেশে আসবেন জানিয়ে মিজানুর রহমান আরো বলেন, "আমরা তাদের অনুরোধ জানাব, যাতে সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে তারা সরকারকে চাপ দেয়। "সাধারণ নাগরিক বা স্মাগলার যেই হোক না কেন, বিনা বিচারে এভাবে মৃত্যু গ্রহণযোগ্য নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/২০০৮ ঘ.