২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় কিশোরগঞ্জের একটি আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় কিশোরগঞ্জের একটি আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন- গিয়াসউদ্দিন ওরফে গেসু, জসিম ওরফে মুর্শিদ, সবুজ ওরফে উষ্ঠা ও কালাম ওরফে কানাই । এদের মধ্যে গেসু মুর্শিদ কারাগারে রয়েছেন। বাকি দুজন পলাতক। কটিয়াদী উপজেলার পশ্চিম বাজারের একটি দোকানের কর্মচারী ধীরেন্দ্র নাথ সাহা, শংকর চন্দ্র সাহা, শুকলাল সাহা ও বিজয় চক্রবর্তীকে হত্যার দায়ে তাদের এ সাজা দেওয়া হলো। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডিত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরো ছয় মাস কারাভোগ করতে হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, কটিয়াদী উপজেলার পশ্চিম বাজারে ২০০০ সালের ২৪ ফেব্র"য়ারি রাতে একটি তেল ও সার বিক্রির দোকানে দুর্বৃত্তরা ঢুকে ধীরেন্দ্র (৬০), শংকর (৩৫), শুকলাল (৬০) ও বিজয়কে (৩২) ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে। এরপর আসামিরা দোকানের সিন্দুক ভেঙে ৭৫ হাজার টাকা লুট করে। দোকানের মালিক প্রিয়লাল রায় পরদিন কটিয়াদী থানায় অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৫ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। তবে বিচার চলাকালে ওয়াহিদ ও আলতু নামে দুই আসামির মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮৩০ ঘ.