খুলনা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
পুলিশ জানায়, নগরীর দৌলতপুর থানা এলাকায় এবং জেলার রূপসা উপজেলায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কানাই লাল বিশ্বাস (৬৩)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। অপরজন হলেন মো. বেল্লাল (২০)। তার বাড়ি রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে।
দৌলতপুর থানার ওসি মো. আনোয়ারুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানার আড়ঘাটা বাইপাস সড়কে প্রাইভেটকারের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল আরোহী কানাই লাল ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত হয় মটর সাইকেল চালক সমীর রায় ও তার স্ত্রী শর্মিলা রায়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাই লাল বিশ্বাস সমীর রায়ের মামা শ্বশুর।
ওদিকে রূপসা থানার ওসি সুভাষ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপসা পুলিশ ফাঁড়ির সামনে ডিম বিক্রেতা বেল্লাল বাইসাইকেল চালিয়ে বাজারে ডিম বিক্রি করতে যাচ্ছিলেন। এ সময় একটি খালি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩৬ ঘ.
bdnews24