ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় ১৯ ঘণ্টা ধরে ১৫টি যানবাহন নিয়ে একটি ফেরি মাওয়া-কাওড়াকান্দি নৌপথের হাজরা চ্যানেলের ডুবোচরে আটকা পড়ে আছে।
এছাড়া মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে আটকে গেলে বুধবার তা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ:
মাদারীপুর: মঙ্গলবার রাতে মাওয়া-কাওরাকান্দি নৌপথে পদ্মা নদীর হাজরা চ্যানেলে কবুতরখোলা-কাউলিয়ার চরে দুটি ফেরি আটকা পড়ে। এর মধ্যে একটি ফেরি উদ্ধার করা সম্ভব হলেও যমুনা নামের ফেরিটি এখনো আটকে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, মাওয়া-কাওরাকান্দি নৌপথের হাজরা থেকে কবুতরখোলা-কাউলিয়ার চর পর্যন্ত আড়াই কিলোমিটার জুড়ে ডুবোচর জেগে উঠায় প্রায়ই এ সংকট সৃষ্টি হচ্ছে।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক এম এ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মাওয়া থেকে ছেড়ে আসা ফেরি রানীগঞ্জ হাজরা টার্নিংয়ের ডুবোচরে আটকে যায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে ফেরি যমুনা একই ঘাট থেকে ছেড়ে আসে। পথে কবুতরখোলা পয়েন্টে ফেরিটি আটকে যায়।"
ফেরি দুটিকে উদ্ধার করতে একটি জাহাজ এলেও সেটি ডুবোচরে আটকে যায়। পরে অন্য একটি জাহাজ এসে রাত সাড়ে ৩টার দিকে ফেরি রানীগঞ্জকে উদ্ধার করে। যমুনাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বাতেন জানান, এ ফেরিটিতে দক্ষিণাঞ্চলের ১৫টি যানবাহন রয়েছে।
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে মঙ্গলবার রাতে সাড়ে ৯টার দিকে এমভি পাতারহাট-১ নামের একটি যাত্রীবাহী দ্বিতল লঞ্চ ডুবোচরে আটকে যায়।
বুধবার ভোর ৫টার দিকে জোয়ার এলে লঞ্চটিকে মুন্সীগঞ্জ টার্মিনালে সরিয়ে নেওয়া হয়।
লঞ্চটি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার সদরঘাট থেকে ভোলার লালমোহন উদ্দেশ্যে যাচ্ছিলো বলে পুলিশ জানিয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লঞ্চটিতে তিন শতাধিক যাত্রী ও অতিরিক্ত মালা বোঝাই ছিলো।
মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফিউল ইসলাম জানান, অতিরিক্ত মাল বোঝাইয়ের অপরাধে লঞ্চ কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭২৮ ঘ.
bdnews24