ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্্রাহীম আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার মাজহারুল ইসলাম মিঠু, গোলাম মোস্তফা শিমুল ও সোহেল আহমেদের জামিন আবেদন আবারো নাকচ করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে গোয়েন্দা পুলিশের দায়ের করা মামলায় তাদের পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক মো. জহুরুল হক তা নাকচ করে দেন।
তাদের আইনজীবী অমূল্য কুমার মজুমদার মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে গত ২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের জামিন আবেদন নাকচ করে দেয়।"
গত ১৩ অগাস্ট ভোলা-৩ আসনের আওয়ামী লীগ সাংসদ নূরন্নবী চৌধুরী শাওনের গাড়িতে রাখা তার নিবন্ধিত পিস্তলের গুলিতে ঢাকায় নিহত হন ইব্রাহীম।
ওইদিনই শাওনের গাড়ি চালক কালা শেরে বাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। এই মামলাটি পরবর্তীতে বাতিল হয়ে যায় বলে জানান অমূল্য কুমার।
পরে গত ১৮ অগাস্ট ইব্রাহীমের ভাই মাসুম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শাওনসহ আটজনকে আসামি করে হত্যার অভিযোগ এনে মামলা করেন।
গত ২ সেপ্টেম্বর শেরে বাংলা নগর থানায় এ ঘটনায় আরেকটি হত্যা মামলা দায়ের করেন মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার শাহ মো. মশিউর রহমান।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারি পুলিশ সুপার খন্দকার আব্দুল হালিম এই মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন।
গত ২ অক্টোবর মিঠু, শিমুল ও সোহেলকে বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/২১৫২ ঘ.
bdnews24