ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের একচোট নিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
চালের পাইকারি দর কত, তা থেকে খুচরা দাম কত হওয়া উচিত- তা জানাতে ব্যবসায়ীদের বলেছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চাল ও গম ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।
বাজারে চালের দাম বাড়ার জন্য ঈদের কারণে চালকল বন্ধ এবং পরিবহন ব্যবস্থায় সমস্যার কথা তুলে ধরেন। কয়েকজন গণমাধ্যমকেও দায়ী করেন মূল্যবৃদ্ধির জন্য।
তবে আকস্মিক মূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীদেরই দায়ী করেন বাণিজ্যমন্ত্রী।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, "মূল্য বৃদ্ধির জন্য এটা কোনো অজুহাত হতে পারে না। আপনারা ঈদের মতো একটি পবিত্র উৎসবকে ব্যবহার করে মূল্য বাড়িয়ে দিয়েছেন। ৩৬৫ দিনের পরিকল্পনা করেন আপনারা, ১০ থেকে ১২ দিনের পরিকল্পনা করতে পারেন না। এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়।"
"রোজার মধ্যেই আপনারা ঈদের পর দাম বাড়ানোর পরিকল্পনা করেছেন। আপনারা যারা রোজা রেখেছেন, কারোরই রোজা হয়নি। আমি দুঃখিত, আপনাদের এসব কথা বলতে হচ্ছে আমাদের", বলেন ফারুক খান।
কিছু মুনাফালোভী ব্যবসায়ীর কারণে সব ব্যবসায়ীদের দুর্নাম হচ্ছে বলে মনে করেন মন্ত্রী।
ঈদের পর ১০ থেকে ১২ দিন চালকলগুলো বন্ধ থাকাকে ব্যবসায়ীরা মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখালে মন্ত্রী বলেন, "বন্ধের আগে পরিকল্পনা করা উচিৎ। প্রয়োজনীয় মজুদ গড়ে তোলা উচিৎ। যখন মূল্য বাড়ানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে আপনাদের হাত থাকে না, তখন আপনারা সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে জনগণকে সচেতন করতে পারেন।"
মূল্য নিয়ন্ত্রণের পদ্ধতি খুঁজে বের করতে ব্যবসায়ীদের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, "অযাচিতভাবে দাম বাড়ানো কোনোভাবেই চলবে না। মূল্য নিয়ন্ত্রণে রাখার পদ্ধতি আপনাদের খুঁজে বের করতে হবে। আপনারা না পারলে সরকারকেই এ পদ্ধতি চাপিয়ে দিতে হবে।"
চালকল মালিক সমিতির আহ্বায়ক কেএম লায়েক আলী বলেন, আমরা আগে পরিকল্পনা করে মজুদ গড়ে তুললে মুনাফাখোর-মজুদদার বলা হয়। মূল্য বৃদ্ধির ক্ষেত্রে সরকারকেই পরিকল্পনা করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৩ ঘ.
bdnews24