২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে ছাতক-সিলেট চলাচল বন্ধ

রাস্তা সংস্কারের দাবিতে সুনামগঞ্জের ছাতক থেকে সিলেটমুখী সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 09:50 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

সুনামগঞ্জ, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা সংস্কারের দাবিতে সুনামগঞ্জের ছাতক থেকে সিলেটমুখী সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ছাতক-দোয়ারাবাজার রাস্তা সংস্কার সংগ্রাম কমিটি মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের কারণে শিল্প নগরী ছাতকের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পণ্য পরিবহন বন্ধের পাশাপাশি যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগে। কর্মসূচি দেওয়ার কারণ ব্যাখ্যা করে রাস্তা সংস্কার সংগ্রাম কমিটির সভাপতি মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, কয়েক বছর ধরে এ সড়কের অবস্থা খারাপ। ৩০ মিনিটের রাস্তা যেতে সময় লাগে দেড় ঘণ্টা। বাস-ট্রাক আসতে চায় না। এলেও বেশি বাড়া চায়। সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিন মিয়া জানান, ছাতক-সিলেট সড়কে ধর্মঘটের কারণে সারা দেশের সাথে ছাতকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে কথা বলা হলে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সাংবাদিকদের বলেন, সড়ক সংস্কারে উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫০ ঘ.