২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ অ্যানথ্রাক্সমুক্ত: মন্ত্রী

বাংলাদেশ এখন সম্পূর্ণ অ্যানথ্রাক্সমুক্ত বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 07:41 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এখন সম্পূর্ণ অ্যানথ্রাক্সমুক্ত বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। তবে আগামীতে আবার যেন রোগের সংক্রমণ না ঘটে, সেজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকতে বলেছেন তিনি। অ্যানথ্রাক্স নিয়ে রেড এলার্ট তুলে নেওয়ার পাঁচদিন পর মঙ্গলবার এক কর্মশালায় মন্ত্রী বলেন, "দেশ এই মুহূর্তে সম্পূর্ণ অ্যানথ্রাক্সমুক্ত। সরকারের বাস্তবমুখী পদক্ষেপের কারণে দেশকে দ্রুত অ্যানথ্রাক্সমুক্ত করা সম্ভব হয়েছে।" ভবিষ্যতেও যাতে মাছ ও পশু-পাখির মধ্যে এ ধরণের ভাইরাসের বিস্তার না ঘটে এজন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, বলেন তিনি। সরকারি হিসেবে চলতি বছর অ্যানথ্রাক্স বা তড়কা রোগে আক্রান্ত গরুর সংখ্যা ১০৪টি, এর মধ্যে মারা যায় ৩৭টি। তবে বছরের মাঝামাঝিতে অ্যানথ্রাক্স পশু থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আক্রান্ত হয় পাঁচ শতাধিক। অ্যানথ্রাক্স আতঙ্কে মানুষ গরুর মাংস খাওয়া কমিয়ে দেওয়ায় চামড়া শিল্প মালিকরা শঙ্কার মধ্যে পড়েন। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বার্ষিক গবেষণা পরিকল্পনা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফ বিশ্বাস। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এ কর্মশালা হয়। মাছের মধ্যে যেন রোগ সংক্রমণ না হয়, সে জন্য সজাগ থাকতে মৎস্য অধিদপ্তরকে সতর্ক থাকতে বলেন লতিফ বিশ্বাস। চিংড়িতে বিষাক্ত রাসায়নিকের দূষণ সনাক্ত হওয়ার পর সরকার গত বছর চিংড়ি রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়। মন্ত্রী বলেন, দেশের আমিষের চাহিদা পূরণে সরকার হাওর ও ইউনিয়ন পর্যায়ে মাছের চাষ বাড়ানোর বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ শামসুল কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মতিউর রহমান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান, বিএফআরআই'র মহাপরিচালক এমজি হোসেন ও পরিচালক এসইউ আহাম্মেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৪১৪ ঘ.