২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি অটোচালকদের

সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা জেলা অটোরিকশা ও মিশুক যানবাহন শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 06:17 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা জেলা অটোরিকশা ও মিশুক যানবাহন শ্রমিক ইউনিয়ন। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন, "এ সিদ্ধান্তের কারণে অটোরিকশাচালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।" ঢাকা মহানগরীতে প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিকশা রয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে আগামী ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা করবে ঢাকা জেলা অটোরিকশা ও মিশুক যানবাহন শ্রমিক ইউনিয়ন। এছাড়া আগামী ২৫ অক্টোবর সমাবেশ করা হবে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি মুজিবর রহমান, সহ-সভাপতি আব্দুল বারেক, যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেন মোশাররফ হোসেন। বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বাড়াতে গ্যাস সরবরাহে গত ১৬ অগাস্ট থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ছয় ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সিএনজি স্টেশন ছয় ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে গত ২ অক্টোবর এক মাস সময় দিয়েছে স্টেশন মালিকরা। এছাড়া গত ৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সরকারি এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২৩৪৫ ঘ.