ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ (বিশেষ) পরীক্ষা সোমবার থেকে শুরু হচ্ছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরীক্ষা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হবে। ইতোমধ্যে কর্তৃপক্ষ এ পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
সারাদেশের ১ হাজার ৪২৬টি ডিগ্রি কলেজের মোট ৫৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০০৮-০৯ শিক্ষাবর্ষের এক লাখ ২৯ হাজার ৪৭০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ডিগ্রি পাস কোর্স দুই থেকে তিন বছর করার কারণে এক বছরের সেশনজট সৃষ্টি হওয়ায় এই বিশেষ পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২১৪০ ঘ.
bdnews24