নড়াইল, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
১৯৯৪ সালের ১০ অক্টোবর সুলতান মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
সকাল সাড়ে ৮টায় নড়াইলের মাছিমদিয়ায় শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, কোরআনখানি ও মিলাদ মাহফিল হয়।
এতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকুসহ প্রশাসন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সকাল সাড়ে ১০টায় এসএম সুলতান প্রতিষ্ঠিত শিশু-স্বর্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার রকিবুল বারী, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান, এসএম সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার শীল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24