২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু: সার্ক দেশগুলোর সহযোগিতা বাড়ানোর আহ্বান

জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং খাদ্য সঙ্কট মোকাবেলার জন্য দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 08:16 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং খাদ্য সঙ্কট মোকাবেলার জন্য দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রোববার রাজধানীর হোটেল শেরাটনে 'সার্ক টেকনিক্যাল কমিটি অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট'র ষষ্ঠ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মতিয়া বলেন, "জলবায়ু পরিবর্তন এখন আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি। তা মোকাবেলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা করতে হলে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পরস্পারিক সহযোগিতা বাড়াতে হবে।" কৃষির উন্নয়নে কারিগরি সহয়তা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "দক্ষিণ এশিয়ায় বিশ্বের এক চতুর্থাংশ মানুষ বাস করে। তাই এ অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কারিগরি সহায়তা ও জ্ঞানের আদান-প্রদান বাড়াতে হবে।" অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আখতার হোসেন বলেন, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ফসলের ভিন্নতা রয়েছে। এসব ফসলের বীজ আদান প্রদান ও কারিগরি সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলকে সহজেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হয়। তিন দিনব্যাপী এ বৈঠক চলবে ১২ অক্টোবর পর্যন্ত। সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকে অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪১৫ ঘ.