গোপালগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের টানা বর্ষণে গোপালগঞ্জের কাশিয়ানীর ফুকরায় মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে।
প্রায় ৬০ বিঘা ফসলি জমি, ২০টি বসতঘর ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
প্রায় ১৫ দিন আগে নদীর ভাঙন শুরু হয়। বৃষ্টির সঙ্গে প্রবল স্রোতে ভাঙন তীব্র আকার ধারণ করে।
ফুকরা ইউনিয়নের উত্তর ফুকরা লঞ্চ ঘাট থেকে মাঠলা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার নদী তীরে ভাঙন ৪০ বছর ধরে অব্যাহত রয়েছে। ভাঙন তীব্র আকার ধারণ করায় হুমকির মুখে পড়েছে শত শত বাড়িঘর, জমি, স্কুল, কমিউনিটি ক্লিনিক, খেলার মাঠ, ২টি মসজিদ, মাদ্রাসা, হাট, বাজার, লঞ্চঘাট ও খেয়াঘাট।
এলাকাবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাধীনতার পর এ এলাকায় নদী ভাঙন শুরু হয়। এখনো তা অব্যাহত রয়েছে। এলাকার হাজার হাজার পরিবার জমি, গাছ ও ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
ভাঙনে সব হারানো দক্ষিণ ফুকরা গ্রামের রূপজান বেগম (৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাক্ষুসী মধুমতি এবছর আমার ঘর-বাড়ি খেয়েছে। এর আগে জমি, গাছপালা ফসল গিলে নিয়েছে। সব হারিয়ে আমি নিঃস্ব। আমার মতো এ গ্রামের শত শত পরিবার সহায় সম্বল হারিয়েছে। নদী ভাঙন থেকে আমরা নিস্তার চাই।"
এলাকার বাসিন্দা মো. শের আলী মোল্লা (৫২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদী ভাঙন গত ৪০ বছর ধরে চলছে। ভাঙন ঠেকাতে এ পর্যন্ত কোনো সরকার ব্যবস্থা নেয়নি। এ সরকার ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করবে বলে এলাকাবাসী বিশ্বাস করে।"
ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএ রফিকুল আলম (৭৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪০ বছরে উত্তর ফুকরা থেকে মাঠলা পর্যন্ত সাড়ে ৪ কি.মি. এলাকার শত শত একর জমি মধুমতির পেটে গেছে। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাঙনের তীব্রতা আজকের নয়, এটা পুরনো। ফুকরায় মধুমতি তীক্ষ
bdnews24