২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলায় বন্দরের ৬ বার্থ অপারেটর কাজ শুরু করতে পারেনি

সরকার সমর্থক শ্রমিক সংগঠনের বাধার মুখে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ শুরু করতে পারেনি নতুন দায়িত্বপ্রাপ্ত ছয় বেসরকারি বার্থ অপারেটর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 02:52 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক শ্রমিক সংগঠনের বাধার মুখে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ শুরু করতে পারেনি নতুন দায়িত্বপ্রাপ্ত ছয় বেসরকারি বার্থ অপারেটর। শুক্রবার বিকালে বার্থ অপারেটররা বন্দরের জেটিতে কাজ শুরু করতে গেলে সরকার সমর্থক সংগঠন ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের কর্মীরা তাদের বাধা দেয় এবং অপারেটরদের শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে বেসরকারি বার্থ অপারেটর প্রতিষ্ঠান এভারেস্ট এন্টারপ্রাইজের ১৫ শ্রমিক আহত হয় বলে দাবি করা হয়েছে। পরে বার্থ অপারেটররা কাজ শুরু না করেই ফিরে যান। শুক্রবার রাত আটটা পর্যন্ত বন্দরের ছয়টি জেটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ বন্ধ ছিল। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেছে। এভারেস্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার বিকাল সোয়া চারটার দিকে বন্দরের সংরক্ষিত ১২ নম্বর জেটিতে আমাদের শ্রমিকরা কাজ করতে গেলে সরকার সমর্থক সংগঠনের কর্মীরা তাদের বাধা দেয় এবং হামলা চালায়।" হামলায় তার প্রতিষ্ঠানের অন্তত ১৫ শ্রমিক আহত হয় বলে সেলিম দাবি করেন। শ্রমিকদের রক্ষায় বন্দরের নিরাপত্তাকর্মীরা কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি অভিযোগ করেন। সেলিম আরও বলেন, "আমরা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটিংয়ের কাজ পেয়েছি। বন্দরের সংরক্ষিত জেটি এলাকায় বহিরাগত শ্রমিকদের এরকম হামলা কখনোই কাম্য নয়।" অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছেন ডক বন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের দাবি না মেনেই বার্থ অপারেটরদের কাজ শুরুর অনুমতি দিয়েছে। তাছাড়া বেসরকারি বার্থ অপারেটররা বন্দরের লিস্টেড শ্রমিকদের না নিয়ে বাইরের শ্রমিক নিয়ে কাজ শুরু করতে আসে। সেকারণেই তাদের কাজে বাধা দেওয়া হয় বলে তিনি দাবি করেন। চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল কামরুল ইসলাম দাবি করেন, বার্থ অপারেটরদের কাজে কিছু শ্রমিক বাধা দিলেও তাদের ওপর হামলা করেনি। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের বৈঠক চলছে উল্লেখ করে তিনি বলেন, "আশা করছি দ্রুতই ছয় জেটিতে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ শুরু করা যাবে।" বৃহস্পতিবার ছয় বার্থ অপারেটরের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চুক্তি সই করে। এর আগে ছয় বার্থ অপারেটর নিয়োগ অনুমোদন করে মন্ত্রিসভা। কিন্তু ডক বন্দর শ্রমিক ফেডারেশন নিয়োগপ্রাপ্ত ছয় বার্থ অপারেটরকে অসৎ উপায়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ আনে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের বিরুদ্ধে। বার্থ অপারেটরদের কাজ শুরুর আগে বন্দরের চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে যাচাই-বাছাই করা শ্রমিকদের নিয়োগ, তাদের পরিচয়পত্র প্রদান ও সব ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড শুরুর দাবিতে ফেডারেশন আন্দোলন চালিয়ে আসছে। বেসরকারি বার্থ অপারেটর হিসেবে নিয়োগপ্রাপ্ত ছয় প্রতিষ্ঠান হল- এভারেস্ট এন্টারপ্রাইজ, ফজলে অ্যান্ড সন্স, এম এইচ চৌধুরী লিমিটেড, এ অ্যান্ড জে ট্রেডার্স, মেসার্স বশির অ্যান্ড ব্রাদার্স ও এফকিউ খান অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৪৫ ঘ.