মৌলভীবাজার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি বড় আকারের বিষধর শঙ্খচূড় সাপ বৃহস্পতিবার অবমুক্ত করা হয়েছে।
জেলার রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়নের যাদুরগোল গ্রামে বুধবার এলাকাবাসীর হাতে ধরা পড়ে ১২ ফুট দীর্ঘ এ বিষধর সাপটি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজনগরে বিষধর সাপটি ধরা পড়ার খবর পেয়ে তিনি সিলেট রেঞ্জের কর্মকর্তা গাজী মোস্তফা কামালকে ঘটনাস্থলে পাঠান। মোস্তফা কামাল সাপটি উদ্ধার করে মৌলভীবাজার বন্যপ্রাণী কার্যালয়ে নিয়ে আসেন।
লাউয়াছড়ায় ছেড়ে দেওয়ার জন্য ওই দিনই বিকালে সাপটি শ্রীমঙ্গলের বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ে পাঠানো হয়। পরে শ্রীমঙ্গলের সিতেশ দেবের চিড়িয়াখানায় পাঠানো হয় এটি। সেখানে প্রয়োজনীয় পরিচর্যা শেষে বৃহস্পতিবার দুপুরে সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।
শ্রীমঙ্গলের প্রাণী সংরক্ষক সিতেশ রঞ্জন দেব, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুল করিম, রেঞ্জ কর্মকর্তা একেএম আজহারুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
প্রাণী বিশেষজ্ঞ ড. মো. আলী রেজা খানের 'বাংলাদেশের বন্যপ্রাণী' বইয়ের উদ্ধৃতি দিয়ে সিতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৃথিবীর বৃহত্তম বিষধর সাপ শঙ্খচূড় (রাজগোখরা) দৈর্ঘ্যে চার মিটার বা ১২-১৩ ফুট লম্বা হয়। এর বৈজ্ঞানিক নাম 'অফিওফেগার্স' বা সাপ খেকো।
বাংলাদেশের পূর্বাঞ্চল, সিলেট থেকে টেকনাফ এবং সুন্দরবনে এ প্রজাতির সাপ দেখা যায়। তবে সুন্দরবনে এদের সংখ্যা কিছুটা বেশি। চিরসবুজ বনেও এদের কখনো কখনো দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24