রাজশাহী, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাঘায় নিজের শিশু সন্তানের সামনে এক বাবাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আলতাব হোসেন (৪০) বাঘার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।
বুধবার রাতে উপজেলার বাঘা-আড়ানী সড়কের তেথুলিয়া বাজারের পাশে ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়।
বাঘা থানার ওসি আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলতাব তার ছেলে রিমনকে (১০) নিয়ে পাঁচপাড়ার পাশের পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত নৈশ বিদ্যালয়ে পড়াশোনা করতেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সেখান থেকে সাইকেলে চড়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বাঘা-আড়ানী সড়কের তেথুলিয়া বাজারের উত্তর পাশের ফাঁকা রাস্তায় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে থামায়।
তারা ছেলের সামনেই আলতাবকে ছুরিকাঘাত করতে থাকে। এসময় দুর্বৃত্তরা রিমনকে দ্রুত বাড়ি যেতে বললে সে বাড়ি ফিরে ঘটনা জানালে স্বজনরা ঘটনাস্থলে আসে। তারা আলতাবের লাশ পড়ে থাকতে দেখে।
পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের ভাই আফতাব উদ্দিন বাদি হয়ে বাঘা থানায় একটি মামলা করেছেন। এজাহারে পাঁচপাড়া গ্রামের জামাল ও মোবারকের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
ওসি জানান, পূর্ব শত্র"তার জের ধরে আলতাফকে খুন করা হয়ে থাকতে পারে। এতে জড়িত সন্দেহে একই গ্রামের জাহাঙ্গীর হোসেন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24