নারায়ণগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দিনে-রাতে মাদকসেবীদের ভিড় আর আনাগোনা দেখে এলাকাটিকে মাদকের 'হাট' বলছেন স্থানীয়রা।
রাজধানীর কাছের নারায়ণগঞ্জ জেলা শহরের আনাচে-কানাচে ও অলিতে-গলিতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক।
স্থানীয়দের অভিযোগ, এসব দেখেও কিছু করছে না পুলিশ। অন্যদিকে পুলিশ অসহায়ত্বের সুরে বলছে, তাদের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়।
স্থানীয়দের অভিমত, মাদকের বিস্তারের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘটছে অবনতি। বাড়ছে ছিনতাই, রাহাজানিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড।
মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে খোদ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। তারপরও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
অভিযোগ রয়েছে, পুলিশের সহায়তায় মাদকস্পটগুলোতে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মাদক। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পুলিশ নিয়মিত মাসোহারা পায় বলেও অভিযোগ উঠেছে।
জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট বিশ্বাস আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্ব্বোচ্চ চেষ্টা করছি মাদক নিয়ন্ত্রণে। কিন্তু নারায়ণগঞ্জে মাদক আসে বিভিন্ন পথে।
"শুধু পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনসচেতনতা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বিত পদক্ষেপ।"
অনুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া চাঁদমারী বস্তি এক সময় অপরাধমূলক কর্মকাণ্ডের স্থান হিসেবে কুখ্যাত ছিলো। বস্তিতে বিক্রি হতো ফেনসিডিল, মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য।
২০০৭ সালে ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর চাঁদমারী বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় সেনাবাহিনী। সে সময় মাদক ব্যবসা অনেকাংশে কমে যায়।
কিছুদিন পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের পূর্ব পাশে জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট কার্যালয়ের পেছনে চাঁদমারী থেকে নতুন কোর্ট পর্যন্ত এলাকা জুড়ে প্রকাশ্যে বিক্রি হতে শুরু করে মাদক।
শহরবাসীর কাছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডটি 'মাদকের হাট' হিসেবে পরিচিত। এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদক বিক্রি চলছে।
এছাড়া শহরের চাষাঢ়া রেললাইন বস্তি, বালুরমাঠ, গলাচিপা-উকিলপাড়া রেললাইন, জামতলা, হংস হলের পুল, মন্ডলপাড়া পুল, জিমখানা বস্তি, মাছুয়াপাড়া, আমলাপাড়া, মাসদাইর, ইসদাইর, বাবুরাইল, দেওভোগ, জল্লারপাড়, পাইকপাড়া, বেপারীপাড়া, ভূঁইয়ার বাগ, জিউসপুকুর পাড়, নন্দিপাড়া, নাগবাড়ী, হাজীগঞ্জ, পাঠানতলী, কোতালেরা বাগ, সস্তাপুর, র্যালী বাগান, ডনচেম্বার, ব্যাংক কলোনী, খানপুর, তল্লা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, চাষাঢ়া ও নারায়ণগঞ্জ রেল স্টেশন, নিতাইগঞ্জ, জিমখানা ও র্যালি বাগান বস্তি প্রভৃতি এলাকায় প্রকাশ্যে মাদকের কারবার চলছে।
শহরের সস্তাপুর এলাকার বাসিন্দা ব্যাংকার আলতাফ হোসেন জানান, দিনে-রাতে প্রকাশ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের চাঁদমারী এলাকায় মাদক বিক্রি হচ্ছে। রিকশা চালকেরা রিকশা দাঁড় করিয়ে রেখে প্রকাশ্যে মাদক কিনছে।
শহরের চাষাঢ়া এলাকার ব্যবসায়ী মাসুদ রানা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের চাঁদমারী এলাকাটি 'মাদকের হাট' হিসেবে পরিচিত।
পুলিশ সুপারের কার্যালয়ের পাশে প্রকাশ্যে মাদক বিক্রি হলেও এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
পুলিশের সহায়তা ছাড়া প্রকাশ্যে মাদক বিক্রি সম্ভব নয় বলেও অভিযোগ করেন তিনি।
নারায়ণগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী নারু জানান, শহরের প্রধান প্রধান সড়কের বড় ড্রেনগুলি পরিষ্কারের সময় ফেনসিডিলের শত শত খালি অথবা ভাঙ্গা বোতল তাদের অপসারণ করতে হয়।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদক কারবারিদের সহযোগিতা করার।
গত সোমবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকা থেকে পুলিশ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। পরে তাদের সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে সেলিম নামের এক মাদক বিক্রেতা মোবাইল ফোনে ফতুল্লা থানার এক উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল হক মামুনকে খবর দেন।
মামুন মটরসাইকেলে করে হাসপাতালে আসেন। সেলিম তার হাতে ৯ হাজার টাকা তুলে দেন।
এ নিয়ে অপর দুই এসআইয়ের সঙ্গে মামুনের বাগবিতণ্ডা হয়।
মামুন দাবি করেন, সেলিম তার বন্ধু। একারণেই তার ডাকে ছুটে এসেছেন।
নারায়ণগঞ্জের শীর্ষ মাদক কারবারি রাজিব কুমার দাসকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গত ২৯ সেপ্টেম্বর শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।
রাজিব শহরের মাদক কারবারের অন্যতম প্রধান 'হাট' হিসেবে পরিচিত চাষাঢ়া বালুর মাঠের নিয়ন্ত্রণকারী বলে পুলিশ জানায়। তার বাসা ওই এলাকায়।
ডিবির এসআই নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর রাজিব পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি ও জনৈক সোহেল- এই দুজন মিলে চাষাঢ়া বালুর মাঠ ও দেওভোগ মাদ্রাসা এলাকায় ফেনসিডিল বিক্রি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমআই/১২৪০ ঘ.
bdnews24