২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহীদের অবস্থান মোবাইল ট্র্যাকিংয়ে নিশ্চিত হয়েছে'

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের দিন বিদ্রোহীরা কে কোথায় ছিলেন তা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 05:47 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের দিন বিদ্রোহীরা কে কোথায় ছিলেন তা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের এক মামলার শুনানিকালে বুধবার আদালতপ্রধান বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম একথা জানান। গত বছর ২৫ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ওই ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের অভিযোগে সারাদেশে প্রায় সাড়ে ছয় হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে রাঙামাটি, ফেনী, সাতক্ষীরা, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে ও সুনামগঞ্জে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। পিলখানায় বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে প্রচলতি আইনে। পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিদ্রোহীরা অস্ত্রসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। বিডিআর মহাপরিচালক রফিকুল ইসলাম বলেন, কোনো আসামি যদি ঘটনার দিন তার অবস্থান নিয়ে মিথ্যা কথা বলেন বা তা লুকানোর চেষ্টা করেন তাহলে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তার অবস্থান দেখানো হবে। পিলখানার বিদ্রোহে 'জড়িত' ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জনের বিরুদ্ধে করা মামলার শুনানিতে বুধবার সাক্ষী সিপাহী ফরিদ আফরাদ কয়েকজন আসামির মোবাইল ফোন নম্বর আদালতে উপস্থাপন করেন। এদিন এ মামলার চতুর্থ ও পঞ্চম সাক্ষীকে জেরা করেন আসামিরা। এ সময় আদালতপ্রধান আসামিরা মোবাইল ফোন ব্যবহার করেছিলন কি না এবং তাদের সেই ফোন নম্বর যাচাই করেন। কয়েকজন আসামি ফোন নম্বর দেখে সেগুলো তাদের বলে স্বীকার করেন। অবশ্য, কয়েকজন তাদের ফোন নম্বর ভুলে গেছেন বলে আদালতপ্রধানকে জানান। কেউ কেউ বিদ্রোহের সময় সদর দপ্তরের বাইরে ছিলেন বলেও আদালতকে বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১১১৩