চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন নেভানো ও প্রতিরোধ ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নগরীর কাপ্তাই রাস্তার মাথা, বিসিক শিল্প এলাকা ও হাটহাজারী উপজেলাধীন মির্জাপুর এলাকায় দমকল কর্তৃপক্ষ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেনের সহায়তায় এ আদালত পরিচালনা করেন।
দমকল বাহিনীর আগ্রাবাদ স্টেশনের সহকারী পরিচালক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠান চারটিতে আগুন নেভানো ও প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এ কারণে তাদের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
হাটহাজারীর এএম নিডেল স্টিট লিমিটেডকে ৩০ হাজার টাকা, চান্দগাঁও এলাকার সিএন্ডএ গোডাউনকে ৪০ হাজার, মেসার্স অটবি লিমিটেডকে ৩০ হাজার এবং এসএস এলুমিনিয়ামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৭-এর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০০৮ ঘ.
bdnews24