২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাল্যবিয়ে, ৩ ঘণ্টার মধ্যে কনের আত্মহত্যা

বাল্যবিয়ে দেওয়ার তিনঘণ্টার মধ্যেই এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 02:58 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

রংপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাল্যবিয়ে দেওয়ার তিনঘণ্টার মধ্যেই এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। রংপুরের কাউনিয়া উপজেলার বকুলতলা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। মৃত আদুরী বেগম (১২) বকুলতলা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে। সে স্থানীয় উদিরপাড় আনন্দ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, আদুরীর অমতে তার বাবা ও স্বজনরা একই উপজেলার নাজিরদাহ চর গ্রামের এনামুল হকের সঙ্গে তার বিয়ে দেন সোমবার। রাত ৯টার দিকে বিয়ে পড়ানো হয়। সাড়ে ১২টার দিকে বরপক্ষের লোকজন খেতে বসলে সবার অগোচরে আদুরী বিষপান করে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। কাউনিয়া থানার ওসি কৃষ্ণ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জোর করে বিয়ে দেওয়ায় আদুরী আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসারা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছে এই বাল্যবিয়ের খবর শুনে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে যান। কিন্তু ততক্ষণে বিয়ে হয়ে যাওয়ায় এলাকাবাসীর সহায়তায় আদুরীরর বাবার কাছে লিখিত মুচলেকা নেন তিনি। মুচলেকায় বলা হয়, আদুরীর বয়স ১৮ বছর হবার পরই তাকে শ্বশুরবাড়ি পাঠানো হবে। এরপর তারা ঘটনাস্থল থেকে চলে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.