২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনের মধ্যে তিস্তা চুক্তি করতে চায় সরকার

তিস্তার পানি বণ্টনে আগামী বছরের জুন মাসের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তি করতে চায় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টনে আগামী বছরের জুন মাসের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তি করতে চায় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী। দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনার মাধ্যমে চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে বলে মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। পানিসম্পদমন্ত্রী সাংবাদিকদের বলেন, "গত জুনে তৈরি করা চুক্তির খসড়া নিয়ে কাজ চলছে। দুই দেশের পক্ষ থেকেই কূটনৈতিক তৎপরতা চলছে। উভয়ের স্বার্থ রক্ষা করে এ চুক্তি করা হবে। আগামী জুনের মধ্যেই চুক্তির প্রস্তুতি নিয়েই সরকার কাজ করছে।" গত বছরের জুনে ভারতে অনুষ্ঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি চুক্তির খসড়া তৈরি করা হয়। খসড়াটি নিয়ে বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত ১২ সেপ্টেম্বর সাংবাদিকদের জানান, চলতি বছরের মধ্যেই তিস্তার পানি বণ্টন চুক্তি হবে। তিস্তায় বর্তমানে বাংলাদেশ প্রায় সাড়ে তিন হাজার কিউসেক পানি পাচ্ছে বলে জানান রমেশ চন্দ্র। আগে বাংলাদেশ মাত্র পাঁচশ কিউসেক পানি পেত। মন্ত্রী জানান, এ চুক্তির মাধ্যমে পাওয়া পানি তিস্তা ব্যারাজ প্রকল্পের মাধ্যমে উত্তরাঞ্চলের পাঁচটি জেলাকে সেচ কার্যক্রমের আওতায় আনা হবে। বর্তমানে পাওয়া পানি দিয়ে তিস্তা প্রকল্পের মাধ্যমে নীলফামারী ও রংপুর জেলার কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে গাইবান্ধা, বগুড়া ও জয়পুরহাট ওই কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে বলে জানান মন্ত্রী। পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিস্তার পানি বণ্টন চুক্তির আলোচনা শুরু হয় ১৯৭২ সালে। '৮৩ সালে যৌথ নদী কমিশনের বৈঠকে বাংলাদেশ ও ভারত একটি অস্থায়ী চুক্তির বিষয়ে একমত হয়। তবে কোথায় কী পদ্ধতিতে পানি বণ্টন হবে তা নিয়ে দ্বিমত থাকায় শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক দলিল হয়নি। ভারত ও বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে তিস্তার ওপরে ভারতের একটি ব্যারাজ ও দু'টি জলবিদ্যুৎ প্রকল্প হয়েছে। বাংলাদেশে নির্মিত হয়েছে তিস্তা ব্যারাজ। লালমনিরহাট জেলার দোয়ানীতে পানি উন্নয়ন বোর্ডের অধীনে তিস্তা ব্যারেজের নির্মাণ কাজ ১৯৮৩ সালে শুরু হয়ে ১৯৯০ সালে শেষ হয়। একই সময় ভারত পশ্চিমবঙ্গের গজলডোবাতে আরো একটি ব্যারাজ নির্মাণ শুরু করে। বাংলাদেশে তিস্তা ব্যারাজ নির্মাণ শেষ হওয়ার আগেই ভারত সেই ব্যারাজের নির্মাণ শেষ করে। বাংলাদেশের নির্মাণ শেষ হওয়ার আগেই ভারত পানি প্রত্যাহার শুরু করে। ফলে তিস্তা ব্যারাজ থেকে বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৭৫৮ ঘ.