ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন ঘন লোড শেডিংয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জ ও গাজীপুরে ভাংচুর ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধরা।
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজং উপজেলার মাওয়া সুপার মার্কেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। এছাড়া সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দ্রা আঞ্চলিক কার্যালয় ঘেরাও এবং ভাংচুর করে এলাকাবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত স্থানীয় কয়েকশ' জনতা সড়ক অবরোধ করে রাখে।
এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় যানজট। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় পৌনে ১১টার দিকে মহাসড়কে গাড়ি চলাচল শুরু হয়। এর আগেও কয়েকবার একই দাবিতে এ মহাসড়কে এলাকাবাসী অবরোধ করে।
অবরোধকারীদের একজন মহাদেব সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েক মাস ২৪ ঘণ্টায় ২/৩ ঘণ্টার বেশি বিদ্যুৎ এখানে থাকে না। তাই পথে নেমেছি।"
লৌহজং থানার ওসি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসন আশ্বাস দিয়েছে বিদ্যুৎ সরবরাহ বাড়াবে।
এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে মাওয়ায় মতবিনিময় সভার আহ্বান করা হয়েছে বলে জানান তিনি।
গাজীপুর প্রতিনিধি জানান, বিক্ষুব্ধ এলাকাবাসী আঞ্চলিক কার্যালয়ে ইট-পাটকেল ছুড়ে জানালা-দরজার কাচ ভাংচুর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় সহিদ, শহিদুল ও ভুলু নামে তিনজনকে আটক করা হয়েছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চন্দ্রা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কবিরপুর গ্রিড থেকে দৈনিক ৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
তিনি বলেন, এখান থেকে কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর, সাভার ইপিজেড ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। স্থানীয় মৌচাক ফিডারে ৩০ মেগাওয়াটের বিপরীতে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪২ ঘ.
bdnews24